খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই অক্টোবর ২০২৫, ৮:৩০ পিএম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর জানিয়েছেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যার মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সোমবার (২৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে এসব কথা জানান।
শাবনূর লিখেছেন, ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা! ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ হত্যা মামলায় সঙ্গে আমার নাম জড়াচ্ছে। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’
শাবনূর আরও বলেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহঅভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’
তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লিখেছেন, ‘সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজের স্বার্থে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই — সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক।’
সবশেষে তিনি লিখেছেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা (নীলা চৌধুরী) আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য