খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই আগস্ট ২০২৩, ৭:০ পিএম

প্রতারণা মামলায় অভিনেত্রীর তিন বছরের কারাদণ্ড: ছবি বিভ্রাটে বিব্রত জেবা। নামের প্রথম অংশ মিল থাকায় আবারও সংবাদের শিরোনামে এসেছেন তরুণ অভিনেত্রী জেবা জান্নাত। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই খবরে ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে দেশের বেশ কিছু গণমাধ্যম। বুধবার (৩০ আগস্ট) তার ছবি সংবলিত নিউজটি ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই অভিনেত্রী।

জেবা জান্নাত বলেন, বেশ কিছু গণমাধ্যমে জেবা চৌধুরীর জায়গায় আমার ছবি ব্যবহার করা হয়েছে। ওই নিউজে আমার ছবি দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। সেটা দেখে আমার পরিচিতজনরা সবাই আমাকে ছবি পাঠাচ্ছে। তারা আমাকে নিয়ে টেনশন করছেন। আমার জন্য এটা সত্যিই বিব্রতকর। তিনি আরও বলেন, দেশের প্রথম সারির গণমাধ্যম নিউজ করার ক্ষেত্রে ছবির ক্রস চেক করবে না? সামনে যেটা পাবে সেটা নিয়েই নিউজ পাবলিশ করে দেবে? এটা তো ঠিক না। তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

কারাদণ্ডপ্রাপ্ত জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আরও দেখুনঃ
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য